দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বন্দরের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানির সংকট নিরসনে আগামী দুই মাসের মধ্যে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প স্থাপন করা হবে।
পাশাপাশি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এসব এলাকায় ওয়াসার পানির সংযোগ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।
মঙ্গলবার (২১ জুলাই) বন্দর ২৭ নম্বর ওয়ার্ডের হরিপুর বাজার ও কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাধারণ মানুষের ব্যবহারের জন্য স্থাপিত দুটি সাবমারসিবল পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, “আমি জেনে অবাক হয়েছি যে ২৭ নম্বর ওয়ার্ডে ওয়াসার কোনো সংযোগ নেই। বিশুদ্ধ পানির অভাবে মানুষ নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়।
তাই আপাতত সংকট নিরসনে দুটি পাম্প চালু করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আরও পাঁচটি পাম্প বসানো হবে।”
তিনি আরও জানান, শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকার প্রতিটি ঘরে নিরাপদ পানির সংযোগ নিশ্চিত করতে ১ হাজার ৬৯৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে পুরো সিটি করপোরেশন এলাকায় নতুনভাবে পানির লাইন স্থাপন করা হবে।
নাসিক প্রশাসক বলেন, “নিরাপদ সুপেয় পানি সরবরাহ করা সিটি করপোরেশনের দায়িত্ব। আমরা এই পাম্পের পানির গুণগত মান পরীক্ষা করেছি।
এতে আর্সেনিক ও অতিরিক্ত আয়রন নেই। এমনকি বাজারজাত বোতলজাত পানির তুলনায়ও এর মান ভালো।”
তিনি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানি ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পানির সংকট নিরসনে নাসিকের চলমান উদ্যোগঅব্যাহত থাকবে বলে আশ্বাসদেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, বন্দর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল, বন্দর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাউদ, সমাজসেবক মনির হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।