দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাপান প্রবাসীর গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় লুন্ঠিত প্রায় ৮ভরি ৭আনা ৫ রতি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ উদ্ধার করা হয়েছে।
সোমবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এই তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো ডাকাত সর্দার কবির হোসেন, জুয়েল মিয়া, মো. সজিব ও শাকিল মিয়া।
জানা যায়, গত ৮ জুলাই প্রবাসী মাহমুদুল হাসান আরমান তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে ফেনী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে মহাসড়কের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দেশীয় অস্ত্র চাপাতি, ছুরি, লোহার রডসহ তাদের গাড়ির গতিরোধ করে।
গাড়িটি থামানো মাত্রই প্রবাসী আরমান ও তার পরিবাবের সদস্যদের মারধর করে সঙ্গে থাকা ১৫ ভরি স্বর্ণ, আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন, পাসপোর্ট ও নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনেয়ে নেয়। স্বর্ণের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় ভূক্তভোগী প্রবাসী বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বাদি হয়ে পরদিন সকালে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় তদন্তে নেমে গত রোববার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ মামলার আরও একজন আসামি পলাতক রয়েছে।
পুলিশ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে।