দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন বলেন, বর্তমান সরকার একটি সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করছে। সরকার জনগণের পাশে থেকে দেশের শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে।
রবিবার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রাইসিস সমন্বয় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের মাধ্যমে দেশকে আরো বিনিয়োগ উপযোগী করা হবে। বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে অবস্থান করছে। এ শিল্পকে বিশ্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।
উপদেষ্টা আরও বলেন, নতুন কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে দুর্নীতি ও জটিলতা কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় লাইসেন্স ও হয়রানি কমিয়ে সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করা হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর্মসংস্থান সৃষ্টি, কর সুবিধা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যে আরো স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ দেশের শিল্প ও টেক্সটাইল খাতের অন্যতম প্রধান কেন্দ্র। এখানকার শিল্প-কারখানার উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে শিল্প উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম আজাদ, ৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিকেএমইএ এর সভাপতি মোঃ হাতেম, চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল মোর্শেদ সারোয়ার, শ্রমিক দল বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।