দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জের বন্দরে।
শনিবার (১৩ জুন) সকালে বন্দর উপজেলা পরিষদ চত্বর এবং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের অদূরে একটি সড়কে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও ভূমি অফিসে প্রতি বছর ২ হাজার করে মোট ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।
উদ্বোধন শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
উদ্বোধনকালে ইউএনও শিবানী সরকার বলেন, “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা কেবল একটি সরকারি প্রকল্প নয়, এটি পরিবেশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই সবুজ বিপ্লবে বন্দরের প্রতিটি মানুষকে শরিক হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. শাহজাহান মোল্লা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবেশপ্রেমীরা।