দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান আল-আমিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার ঘটনার চারদিন পর মঙ্গলবার সকালে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত আল-আমিন নরসিংদীর ঘোড়াশাল থানার দাঙ্গা গ্রামের আজিজুল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ-১ (বন্দর) পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর বন্দর ২১নং ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকার ২নং গলিতে একটি বিকল ট্রান্সফর্মার মেরামতের কাজ চলছিল। খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত আল-আমিন বিদ্যুতাড়িত হয়ে গুরুতর আহত হন।
সহকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইউনিটে রেফার্ড করেন। সেখানে চারদিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার ২৩ জুন দুপুরে নিহত আল-আমিনের মরদেহ তার নিজ গ্রাম নরসিংদীর দাঙ্গায় নিয়ে যাওয়া হয়। পরে দাঙ্গা হাইস্কুল মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পল্লী বিদ্যুতের সহকর্মীদের উপস্থিতিতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।